ইসলামিক স্টেট (আইএস)-এর কাছ থেকে বেশ কয়েকটি অঞ্চলের পুনর্দখল নিতে সক্ষম হয়েছে কুর্দিরা। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিমান হামলার সহায়তায় মঙ্গলবার তারা ইসলামিক স্টেটের কাছ থেকে এলাকাগুলো পুনর্দখলে নেয়। খবর আল জাজিরার
কুর্দিস পেশমার্গা বাহিনীর সেনারা মঙ্গলবার বাশের গ্রামে হামলা চালায়। গত জুন মাসে তেলসমৃদ্ধ কিরকুক শহরের পার্শ্ববর্তী ওই গ্রামটি নিয়ন্ত্রণে নেয় আইএস। কিরকুকে হামলা চালানোর ঘাঁটি হিসেবে তারা ওই এলাকা ব্যবহার করত।
পেশমার্গা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা হ্যালগর্ড হেকমত জানান, মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনীর সঙ্গে কুর্দিস সেনারা জুমার শহরে হামলা চালায়। এছাড়া ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেও আক্রমণ চালানো হয়েছে।
এরবিল শহরেও অভিযান চালায় মিত্রবাহিনী। এরপর কুর্দিস সেনারা সেখানে প্রবেশ করে।
হ্যালগর্ড আরো বলেন, আমরা জুমার ও রাবিয়াসহ ৩০টি স্থান থেকে আইএসকে হটাতে সক্ষম হয়েছি। কুর্দিস সেনারা এখন দক্ষিণ-পশ্চিমের সিনজার এলাকা পুনর্দখল করতে এগিয়ে যাচ্ছে। গত আগস্ট মাসে ওই এলাকা দখল করেছিল আইএস যোদ্ধারা।
এদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার জানিয়েছে, উত্তর-পূর্ব ইরাকে সাতটি বিমান হামলায় আইএস জঙ্গিদের বেশ কয়েকটি ঘাঁটি ও যান ধ্বংস হয়ে গেছে।
যুক্তরাজ্য জানিয়েছে, কুর্দি সেনাদের সহযোগিতায় আইএসকে লক্ষ্য করে তাদের দু’টি বিমান হামলা পরিচালনা করা হয়েছে।সূত্র: আল-জাজিরা
এসএমএ





