ক্রিমিয়া উপদ্বীপে কৃষ্ণ সাগর থেকে ইউক্রেনের ৩টি যুদ্ধজাহাজ দখল করেছে রাশিয়ার সৈন্যরা।  সেভাস্তোপোল ঘাঁটি থেকে এগুলো দখলে নেয় তারা।
রাশিয়ার সঙ্গে ক্রিমিয়া যুক্ত হওয়ার ২ দিন অতিবাহিত হতে না হতেই এমন অভিযোগ করল ইউক্রেনের সেনাবাহিনী।
ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ নামে ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র দাবি করেছেন, বৃহস্পতিবার ক্রিমিয়ার সেভাস্তোপোল ঘাঁটিতে হানা দিয়ে রাশিয়ার সৈন্যরা তাদের টার্নোপোল রণতরীটি দখল করে নেয়।
সেভাস্তোপোলে নতুন করে ইউক্রেন যে ২ রণতরী ভিড়িয়েছিল তাও রুশ সেনারা দখল করে নিয়েছে বলে দাবি করেছেন ভ্লাদিস্লাভ সেলেজনিয়ভ। দখল করে নেওয়া ওই যুদ্ধজাহাজে রাশিয়ার তিন রঙা পতাকা ওড়ানো হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের ১৪ হাজার ৫০০ নৌসেনা রয়েছে, যার অধিকাংশ ক্রিমিয়া উপকূলে মোতায়েন করা আছে।
উল্লেখ্য, ইউক্রেন থেকে ক্রিমিয়া বের হয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পর কৃষ্ণ সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়েছে মস্কো।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া।
[b]ঢাকা,২১মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]