ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিতে কর্মরত রিপোর্টার সেরেনা শিম তুরস্কে সন্দেহজনক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে।

সিরিয়ার কৌশলগত কুবানি শহরের পরিস্থিতি নিয়ে রিপোর্ট করার জন্য সেরেনা শিম তুরস্কে গিয়েছিলেন।

তুরস্কের উরফা প্রদেশের সুরুক এলাকা থেকে রিপোর্টের কাজ শেষে হোটেল কক্ষে ফেরার পথে তার গাড়ির সঙ্গে একটি ভারি ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার পরিচয়ও জানা যায় নি।

শিম হচ্ছেন লেবানন বংশোদ্ভূত আমেরিকার নাগরিক এবং প্রেস টিভির হয়ে তিনি লেবানন, ইরাক ও ইউক্রেনে সংবাদ সংগ্রহের কাজ করেছেন।

গত শুক্রবার শিম জানিয়েছিলেন যে, তুরস্কের গোয়েন্দা সংস্থা তাকে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করেছে।

তিনি জানান, কুবানি শহরে তৎপর তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল প্রশ্নে তুরস্কের অবস্থান নিয়ে কয়েকটি রিপোর্ট করার পর তুর্কি গোয়েন্দারা তাকে অভিযুক্ত করছে এবং তাকে সম্ভব গ্রেফতার করা হতে পারে।

সে সময় শিম আরো জানিয়েছিলেন, হাতে গোনা যে কয়জন রিপোর্টার তুরস্ক সীমান্ত দিয়ে সন্ত্রাসীদেরকে সিরিয়ায় যাওয়ার বিষয়ে খবর ও ফুটেজ সংগ্রহ করতে পেরেছেন তার মধ্যে তিনি একজন।

তিনি জানান, সন্ত্রাসীরা বিশ্ব খাদ্য কর্মসূচি বা ফাও এবং আরো কয়েকটি এনজিও’র ট্রাক করে সন্ত্রাসীরা সিরিয়ায় অনুপ্রবেশ করছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগ উড়িয়ে দিয়ে শিম জানিয়েছিলেন, এ ধরনের অভিযোগে তিনি অবাক হয়েছেন। তিনি সুস্পষ্টভাবে জানান, নিজের পেশাগত দায়িত্বের বাইরে তিনি কোনো কিছুই করেন নি।সূএ:রেডিও তেহরান

 

ইআর