তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ইফকান আলা পদত্যাগ করার পর দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সোলেমান সয়লো।

বুধবার সোলেমান সয়লোকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

এর আগে সোলেমান সয়লো তুরস্কের শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৪৭ বছর বয়সী সয়লো দেশটির উপসাগরীয় অঞ্চলের ট্রাবজোন এলাকা থেকে ক্ষমতাসীন জাস্টিস এণ্ড ডেভেলমেন্ট (একে) পার্টির হয়ে তুর্কি পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন।

বুধবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইফকান আলার পদত্যাগ এবং তার স্থলে সোলেমান সয়লোকে নিয়োগ দেওয়ার কথা সাংবাদিকদের অবহিত করেন।

এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মেহমিত মিউজিনগলুকে শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

প্রসঙ্গত, গেল ১৫ জুলাই ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটিতে অভ্যুত্থানে জড়িত সন্দেহে গুলেন সমর্থকদের বিরুদ্ধে অভিযান চলছে।

এছাড়া সাম্প্রতিককালে দেশটির বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়ে রক্তপাত ঘটিয়েছে ইসলামিক স্টেট অব ইরাক, আইএসআইএল ও কুর্দি বিদ্রোহীরা। এ সব ঘটনায় দেশটিতে সর্বমহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলা পদত্যাগ করেন।

এসএম