ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর স্লোভিয়ানস্কে ১৩ জন আন্তর্জাতিক পর্যবেক্ষককে বহনকরা একটি বাস আটক করেছে রুশপন্থী জঙ্গীরা। কিয়েভে স্বরাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, রুশপন্থী জঙ্গীরা বাসটি আটক করে পর্যবেক্ষকদের সেখানকার নিরাপত্তা কার্যালয়ে রেখেছে।
পর্যবেক্ষকরা অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপের সাথে জড়িত এবং জার্মানীর নেতৃত্বে দলটি পরিচালিত। পর্যবেক্ষকদের দলটিতে ডেনমার্ক, পোল্যান্ড, সুইডেন এবং চেক রিপাবলিকের প্রতিনিধি ছিলেন।
সেখানকার একজন রাশিয়াপন্থী নেতা বলেছেন দলটিতে ইউক্রেন সরকারের একজন গুপ্তচর থাকায় তাদের আটক করা হয়েছে।
ওদিকে জার্মানি বলেছে দলের প্রতিনিধিদের মুক্ত করতে সব ধরনের কূটনৈতিক চ্যানেল তারা ব্যবহার করবে।
ইউক্রেনকে ঘিরে কূটনৈতিক বাকযুদ্ধ যখন চরমে, এমন সময়ে পেন্টাগন বলছে গত ২৪ ঘন্টায় রাশিয়ার এয়ারক্রাফট বেশ কয়েকবার ইউক্রেনের আকাশ সীমায় প্রবেশ করেছে বলে তারা সনাক্ত করেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই
[/b]