গ্রিসের ঋণ সঙ্কট নিয়ে আহ্বান করা রোববারের ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মেলন বাতিল করা হয়েছে।

গ্রিসের তৃতীয় অর্থনীতি পুনরুদ্ধারের (বেইলআউট) চুক্তিকে ‘খুবই কঠিন’ আখ্যা দিয়ে সম্মেলনটি বাতিল করেছেন সংস্থাটির নেতারা। খবর বিবিসির।

ইউরোজোনের অর্থমন্ত্রীরা শনিবার শেষ রাতে এসে ব্রাসেলসের এই সম্মেলন বাতিলের সিদ্ধান্ত নেন। তবে গ্রিস ইস্যুতে আলোচনা চলবে বলে জানানো হয়েছে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, রবিবার স্থানীয় সময় দুপুর ২টায় ইউরোগ্রুপের নেতাদের একটি বৈঠক শুরু হবে। গ্রিসের ইস্যুটির সমাপ্তি টানা পর্যন্ত আলোচনা চলবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে গ্রিসের ঋণ সংস্কার পরিকল্পনা নিয়ে শনিবার দিন-রাত আলোচনা করেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই তাদের আলোচনা শেষ হয়।

তৃতীয় ঋণ ছাড়ের জন্য গ্রিসকে আরও ‘বেশি কিছু’ করতে হবে বলে উল্লেখ করেন ইউরোজোনের নেতারা।

ইউরোগ্রুপের নেতা জেরোন দিজসেলব্লোয়েম বলেন, ‘আমরা গ্রিক প্রস্তাবনা ও এর বিশ্বাসযোগ্যতা নিয়ে আলোচনা করেছি। অর্থনৈতিক ইস্যুগুলো নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘এটা (ঋণ চুক্তি) খুবই কঠিন কিন্তু আলোচনায় অগ্রগতি হচ্ছে।’

ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট ভালদিস দমব্রোভস্কিস আশা প্রকাশ করেছেন, তৃতীয় ঋণ ছাড়ের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা শুরুতে রবিবারের বৈঠক থেকে সিদ্ধান্ত আসবে।

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত গ্রিস তাদের ঋণ প্রদানের সময়সীমা পার হওয়ার পর নতুন করে আরও ৫ হাজার ৩৫০ কোটি ইউরো (৫ হাজার ৯৪৭ কোটি মার্কিন ডলার) ঋণের প্রস্তাব দিয়েছে। ঋণ পরিশোধে ২০১৮ সাল পর্যন্ত সময় উল্লেখ করা হয়েছে। মেনে নেওয়া হয়েছে কর বৃদ্ধি, ব্যয় সংকোচনসহ ঋণদাতাদের অনেক শর্ত।

তবে ঋণের অর্থ ছাড় দেওয়া হলে সময় মতো গ্রিস তা পরিশোধ করবে কি না— এ নিয়ে সংশয়ে রয়েছেন ইউরোজোনের নেতারা।

এসএইচ