সংবাদপত্র ও টেলিভিশন কার্যালয়ে অভিযান চালিয়ে তুরস্কের পুলিশ কমপক্ষে ২৩ জনকে গ্রেফতার করেছে। সরকারের সমালোচনা করায় এবং ক্ষমতা অপদখলের অভিযোগে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে।
আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। এতে বলা হয়, সরকারবিরোধী অবস্থানের জন্য দেশব্যাপী বেশ কিছু গণমাধ্যমের কার্যালয়ে অভিযান চালানো হয় রোববার।
আটককৃত ২৩ জনের মধ্যে সাংবাদিক, প্রডিউসার ও স্ক্রিপ্ট রাইটার রয়েছেন।
তুর্কি প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোগানের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণাকারী মার্কিনপন্থী নেতা ফাতুল্লাহ গালেনকে সহযোগিতা করার অভিযোগে এদেরকে আটক করা হয়েছে। এই নেতা স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুরস্কের ধর্মীয় নেতা। উল্লেখ্য, এক সময় এই গালেনই ছিলেন তাইয়্যেপের মিত্র্র নেতা।
খবরে বলা হয়, দেশটির সবচেয়ে বেশি বিক্রিত সংবাদপত্র জামান এবং সামানিয়োলু টিভির কার্যালয়ে রবিবার অভিযান চালায় তুর্কি পুলিশ।
বার্তা সংস্থা আনাতোলিয়া জানিয়েছে, সরকারবিরোধী 'অপপ্রচার' চালানোর অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। অভিযান শেষে তাদেরই ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়াদের মধ্যে আছেন জামানের প্রধান সম্পাদক একরাম ডুমানলি এবং সামানিয়োলু টিভির প্রধান হিকমত কারাকা।
ইস্তাম্বুলে জামানের প্রধান কার্যালয়ে গ্রেফতার হওয়ার আগে সাংবাদিকদের ডুমানলি বলেছিলেন, 'তুরস্কের গণতন্ত্রের জন্য পিছু না ফিরে সামনে এগিয়ে যাচ্ছে যারা, ইতিহাস তাদের মনে রাখবে।'
ডুমানলি আরও বলেন, 'এটা কিন্ত বিপ্লব বনাম সরকার লড়াই নয়। আমাদের আসলে গণতন্ত্র বাঁচানো দরকার।'
গালেনপন্থী আন্দোলনকর্মীরা সরকারের ভেতর অভ্যুত্থানের জন্য সুক্ষ ষড়যন্ত্রের পরিকল্পনা করছে, এমনটাই অভিযোগ প্রেসিডেন্ট এরদোগানের।
গালেনের অনুসারীরা দুর্নীতিতে সম্পৃক্ত বলেও অভিযোগ তুলেন তুর্কি প্রেসিডেন্ট। এই অভিযোগে গত বছর গালেন সমর্থিত চার ক্যাবিনেট মন্ত্রীকে পদচ্যুত করা হয়।
ইআর





