'নতুন করে' দেশ গড়ার আগে বিয়ে করবেন না বলে ঘোষণা করেছেন সাবেক ক্রিকেট তারকা ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।
সাম্প্রতিক এক বক্তৃতার পর তার বিয়ের বিষয়ে গুজব ছড়িয়ে পড়লে তিনি রবিবার তার অবস্থান পরিষ্কার করলেন।
তিনি জানিয়েছেন, নতুন পাকিস্তান গড়ার আগে তিনি এমনকি বিয়ের বিষয়েও ভাববেন না। রাজধানী ইসলামাবাদে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া উল্লসিত সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করার সময় ইমরান খান এ কথা বলেন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বৈঠক সম্পর্কেও পিটিআই চেয়ারম্যান কথা বলেন।
ইমরান জানান, গত নির্বাচনের সময় আহত হয়ে বিছানায় থাকার সময় আসিফ আলী জারদারি তাকে টেলিফোন করে বলেছিলেন- এ নির্বাচন ছিল মূলত রিটার্নিং অফিসারের নির্বাচন; সেখানে সেই জারদারি এখন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বৈধতা দিচ্ছেন।
ইমরান খান আরো জানান, কন্টেইনার দিয়ে বর্তমান শাসকদেরকে রক্ষা করা যাবে এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে উদ্দেশ করে তিনি বলেন, “নওয়াজ আপনার দিন ফুরিয়ে এসেছে, আপনি কোনোমতেই নতুন পাকিস্তানের জন্ম ঠেকাতে পারবেন না।"
তিনি সরকারকে সর্তক করে বলেন, "সারা দেশে অবস্থান কর্মসূচির এ আন্দোলন ছড়িয়ে দেয়া হবে।" সরকারকে সব ধরনের কর দেয়া থেকে বিরত থাকতেও তিনি পাকিস্তানি নাগরিকদের প্রতি নতুন করে আহ্বান জানান। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





