ইউক্রেনে সেনাবাহিনীর গাড়ি ও বাসের সংঘর্ষে অন্তত ১২ সেনা নিহত ও ২০ জন আহত হয়েছেন। সোমবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ মঙ্গলবার বলেছে, দেশটির পূর্বাঞ্চলে যেখানে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে, সেখানে এ ঘটনা ঘটে। হতাহতরা ন্যাশনাল গার্ড ইউনিটের সদস্য।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বেচ্ছাসেবক ও সেনাদের রোটেশনের সময় সেনাবাহিনীর গাড়ি ও তাদের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়াপন্থী বিদ্রোহী ও ইউক্রেন সেনাদের মধ্যকার যুদ্ধে এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশী লোক নিহত হয়েছে। যার ফলশ্রুতিতে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধের পর এই প্রথম শীতল সম্পর্ক বিরাজ করছে।
এদিকে অপর এক মানবাধিকার কর্মী বলেছেন, ইউক্রেনের অন্তত সাত সেনাকে আটক করেছে বিদ্রোহীরা। সূত্র : রয়টার্স।
কেএইচ





