ভোট দেয়ার জন্য আমেরিকান জনগণকে ধন্যবাদ জানিয়ে হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে বক্তৃতা শুরু করেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি’র।

নিজেকে বিজয়ী দাবি করে ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা বিজয়ের জন্য প্রস্তুত ছিলাম, সত্যি কথা বলতে, আমরাই বিজয়ী হয়েছি।”

এরপর কোন রকম প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে।

এটা আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা দাবি করে তিনি জানান, নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

“আমরা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাবো। এখন আমরা সব ভোট গণনা কার্যক্রম বন্ধ চাই। এটা খুবই দুঃখজনক একটি মুহূর্ত।” বলছেন ডোনাল্ড ট্রাম্প।

২০২০ সালের নির্বাচনে কয়েক কোটি মানুষ ভোট দিয়েছে, যা এখনো গণনা চলছে।

ডোনাল্ড ট্রাম্প বিজয়ের যে দাবি করেছেন তার কোন বিশ্বাসযোগ্যতা এখন পর্যন্ত নেই।

এদিকে, নির্বাচনের রাতে যখন যুক্তরাষ্ট্রজুড়ে ভোট গণনা চলছে, তখন হাজার হাজার বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করতে শুরু করেছেন।

তাদের মিছিলের কারণে শহরের অনেক এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছেন, “আমরা যদি বিচার না পাই, তাহলে তোমরা শান্তিও পাবে না।”

বেশিরভাগ স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ চললেও হোয়াইট হাউজের বাইরে সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে। অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।

লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, নর্থ ক্যারোলাইনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্ক শহরেও বিক্ষোভ হয়েছে। নির্বাচনের ফলাফল ঘিরে সহিংসতার আশঙ্কায় আগে থেকেই বিভিন্ন শহরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট তালাবন্ধ করেছেন।

সিবিএস নিউজের সাংবাদিক ক্রিস্টিনা রুফিনি তার টুইটার একাউন্টে বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করেছেন।

এমবি