ইরাক ও সিরিয়ায় ব্যাপক আগ্রাসী ইসলামিক স্টেট (আইএস)-কে ধ্বংসের প্রতিজ্ঞা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। জেমস ফলির পর মঙ্গলবার আরেকজন মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করার পর তিনি এ প্রত্যয়ের ঘোষণা দেন। খবর এনডিটিভি'র।

আইএস-কে প্রতিহর করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা গড়ে তোলা হবেও ঘোষণা দেন তিনি।

ওবামা বলেন, "আমার লক্ষ্য পরিষ্কার, এবং এটা হচ্ছে আইএস-কে যেকোন মূল্যে ধ্বংস করা। কারণ এটি এখন শুধু ইরাকের জন্যই হুমকি নয়, বরং পুরো অঞ্চল এবং আমেরিকার জন্যও হুমকিরস্বরূপ দেখা দিয়েছে।"

বুধবার ব্রিটেনের ওয়েলসে ন্যাটোর এক সম্মেলনে যোগদান শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ওবামা। ইসলামিক স্টেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সম্মেলনে তার ওপর ব্যাপক চাপ প্রয়োগ করে ন্যাটো সদস্য দেশগুলো।

উল্লেখ্য, ইসলামিক স্টেট যোদ্ধারা ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চল ও সিরিয়ার পূর্বাঞ্চলীয় বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ইসলামিক স্টেটকে প্রতিহর করতে ইরাকের উত্তরাঞ্চলে কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আর বিমান হামলার প্রতিশোধ হিসেবে আইএস তাদের হাতে আগে থেকে আটকরত দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করে। কিছুদিন আগে জেমস ফলি নামের একজনের শিরশ্ছেদ করার পর মঙ্গলবার আরেকজন মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করা হয়। শিরশ্ছেদের ভিডিও দৃশ্য ইউটিউবে প্রচারিত হয়। সূত্র: এনডিটিভি

ঢাকা, ০৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ