ইউক্রেনের যুদ্ধ বন্ধে জার্মানি এবং ফ্রান্সের উদ্যোগে এক মীমাংসা বৈঠকের দুদিন আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সঙ্কটের দায় পশ্চিমা বিশ্বের।
মিশরীয় একটি সংবাদপত্রকে তিনি বলেন, ন্যাটো জোটকে সম্প্রসারিত না করার অঙ্গিকার পশ্চিমা দেশগুলো ভঙ্গ করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রুশ নেতা বলেন, কোনো একটি পক্ষ নিতে রাশিয়ার প্রতিবেশী দেশগুলোকে পশ্চিমা বিশ্ব বাধ্য করছে।
ইউক্রেনের যুদ্ধ বন্ধে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের উদ্যোগে বেলারুশের রাজধানী মিনস্কে বুধবার একটি মীমাংসা বৈঠক হবে।
পশ্চিম ইউরোপের এই দুই প্রভাবশালী নেতা ইউক্রেনের প্রেসিডেন্ট পোরোশেঙ্কোর সাথে মুখোমুখি কথা বলাতে প্রেসিডেন্ট পুতিনকে রাজি করিয়েছেন।
চার নেতার এই শীর্ষ বৈঠকের দুদিন আগে পশ্চিমা বিশ্বের ওপর নতুন করে ঝাল ঝাড়লেন রুশ প্রেসিডেন্ট।
মিনস্ক বৈঠকের আগে আজ সোমবার ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর তার শান্তি ফর্মুলা প্রেসিডেন্ট ওবামাকে জানাবেন।
মার্কিন রাজনীতিকদের একটি মহল ইউক্রেনকে অস্ত্র পাঠাতে ওবামা প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে চলেছে।
ইউরোপের অধিকাংশ দেশ, বিশেষ করে জার্মানি এবং ফ্রান্স, এই প্রস্তাবের ঘোর বিরোধী। তাদের আশঙ্কা এতে করে রাশিয়া সরাসরি ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
ওদিকে যুদ্ধ বন্ধে মীমাংসা বৈঠকের দুদিন আগেও রুশপন্থী বিদ্রোহী এবং ইউক্রেনের সরকারি সৈন্যদের মধ্যে লড়াই চলছে। গত ২৪ ঘণ্টার লড়াইতে কমপক্ষে নয়জন ইউক্রেনের সৈন্য মারা গেছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেয়েস্ক শহরের কাছে দেবালসেভ নামে একটি শহরেও তীব্র লড়াই চলছে। পূর্ব ইউক্রেনের যুদ্ধে এখন পর্যন্ত মারা গেছে অন্তত ৫৩০০। বাস্তচ্যুত হয়েছে ১৫ লাখেরও বেশি মানুষ। সূত্র: বিবিসি বাংলা
এমএ





