পাকিস্তানে তালেবানবিরোধী বিশেষ অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় রবিবার এই অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, 'বিমান হামলায় শাওয়ালে ৪০ সন্ত্রাসী নিহত হয়েছেন।'
এছাড়া আরও অনেকে আহত হয়েছেন বলে জানায় সূত্রটি। তবে আহতের সংখ্যা নির্দিষ্ট করে জানায়নি। এছাড়া এই অভিযানে সেনাবাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, তাও উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে।
উত্তর ওয়াজিরিস্তানে চলমান সহিংসতার কারণে ওই অঞ্চলে সাংবাদিকদের অনুপ্রবেশ খুবই সীমিত। যে কারণে এ ধরনের খবরের সত্যতা যাচাই করা প্রায়ই সম্ভব হয় না।
গত বছরের মাঝামাঝিতে উত্তর ওয়াজিরিস্তানে জার্ব-ই-আজব নামে তালেবানবিরোধী অভিযান শুরু হয়।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই এক বছরের অভিযানে দুই হাজার আটশরও বেশি চরমপন্থী নিহত হয়েছেন।
এমকে





