ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা নগরীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৪২ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। এদিকে কিয়েভে পশ্চিমা সমর্থনপুষ্ট সরকার ক্ষমতা নেয়ার পর সবচেয়ে রক্তাক্ত এই দিন শুক্রবার দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অগ্নিকাণ্ডে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ঘটনার সময় ভবনটিতে রুশপন্থী জঙ্গিরা অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।
মৃতদের অধিকাংশই ধোঁয়ার কারণে এবং অন্যরা জানালা দিয়ে লাফিয়ে পালাতে গিয়ে মারা গেছে।
এদিকে শুক্রবার রাতেও স্লাভিয়ানস্কে ইউক্রেনপন্থী ও রাশিয়াপন্থী যোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ইউক্রেনের আরো দুই জন সৈন্য নিহতের খবর পাওয়া গেছে। এর ফলে দিনজুড়ে ওই নগরীতে বিভিন্ন সংঘর্ষে অন্তত নয়জন নিহত হয়েছে।
ইউক্রেনে ‘অব্যাহত অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট তিন সপ্তাহের মধ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ায় কূটনৈতিক বাকযুদ্ধও আরো তীব্রতর হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়া ইউক্রেনে বিশৃঙ্খলা উস্কে দেয়া অব্যাহত রাখলে ২৫ মে’র পরিকল্পিত প্রেসিডেন্ট নির্বাচনের আগেই রাশিয়ার অর্থনীতির ওপর আরো ব্যাপক শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ওবামা বলেন, ‘যদি প্রকৃতই আমরা দেখতে পাই যে, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা এতই প্রবলভাবে অব্যাহত থাকছে যে এর ফলে ২৫ মে’র নির্বাচন বিঘ্নিত হবে, তাহলে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের দিকে অগ্রসর হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না।’
ওবামা বলেন, ‘যদি রাশিয়া তার বর্তমান পথে চলা অব্যাহত রাখে তাহলে রাশিয়ার অর্থনীতির নির্দিষ্ট কিছু খাত লক্ষ্য করে কিছু নিষেধাজ্ঞাসহ আমাদের কাছে বেশ কিছু হাতিয়ার রয়েছে।’
এদিকে ইউক্রেনে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে একটি ফোনালাপ স্থগিত করার ঘোষণা দিয়েছেন।
এ ছাড়া রাশিয়ার অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার অভিযোগ স্লাভিয়ানস্কে ইউক্রেন সেনাবাহিনীর হামলার কারণে দেশটি বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।
এ ছাড়া রাশিয়া গত মাসে জেনেভায় হওয়া শান্তি চুক্তি অকার্যকর ঘোষণা করে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ০৩ মে (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে দুর্বৃত্তদের আগুনে ৪২ জন নিহত
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা নগরীতে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৪২ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। এদিকে কিয়েভে পশ্চিমা সমর্থনপুষ্ট সরকার ক্ষমতা নেয়ার পর সবচেয়ে রক্তাক্ত এই দিন শুক্রবার দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।





