বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে ক্রমবর্ধমান জামায়াত প্রভাব নিয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলতে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্য।

তিনি বলেছেন, সীমান্তবর্তী জেলায় জামায়াত প্রভাবের বিষয়টি সুযোগ পেলেই বিধানসভায় তুলে ধরবো।

শনিবার কলকাতার দৈনিক বর্তমান পত্রিকা এ খবর দিয়েছে।

শমীক ভট্টাচার্য বলেনে, সীমান্তবর্তী তল্লাটে জামায়াতে ইসলামীর মতো বাংলাদেশের মৌলবাদী সংগঠনের প্রভাব বৃদ্ধির বিষয়টি বিধানসভায় তুলে ধরা হবে। জামায়াতের এই ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য ইতিমধ্যেই রাজনাথ সিংকে আমি দিয়েছি। মনমোহন সিং সরকারের সময় থেকেই জামায়াত তাদের এই প্রভাব বিস্তারের কাজ শুরু করেছে। সবচেয়ে বড় কথা, এ রাজ্যের শাসকদল নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এই কাজে মদদ জুগিয়েছে। এর ফলে সীমান্তবর্তী এলাকায় অতি সন্তর্পণে সম্প্রদায়গতভাবে জনসংখ্যার ভারসাম্য নষ্ট হতে বসেছে।

তিনি বলেন, এই ইস্যু কেন্দ্রকে অবহিত করার পাশাপাশি রাজনৈতিকভাবে আমরা কিভাবে এর মোকাবিলা করবো, সে ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে প্রয়োজনীয় নির্দেশিকাও নিয়ে আসবো।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ