ইরাকে পৃথক বিমান ও বোমা হামলায় ১০৭ জন নিহত হয়েছেন। মসুল শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় ৬০ জন নিহত হয়েছেন। অন্যদিকে, রাজধানী বাগদাদে শিয়া অধ্যুষিত এলাকায় ধারাবাহিক বোমা হামলায় ৪৭ জনের প্রাণহানি ঘটেছে।
বুধবার সুন্নি বিদ্রোহীদের সংগঠন ইসলামিক স্টেট (সাবেক আইএসআইএল) পরিচালিত এক কারাগারে বিমান হামলা চালায় ইরাকি বাহিনী। ইরাকি সেনাবাহিনীর এক মুখপাত্রসংবাদ মাধ্যমের কাছে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
একই দিন সন্ধ্যায় বাগদাদের সদর সিটিতে জোড়া বোমা হামলায় ৩০ জন নিহত হয়। অপর এক বোমা হামলায় ৮ জনের মৃত্যু হয়। বাগদাদের পূর্ব ও দক্ষিণাংশে বোমা হামলায় নিহত হয় আরো ৯ জন।
সম্প্রতি ইসলামিক স্টেট জঙ্গিরা ইরাকের বেশ কিছু এলাকা দখল করে সেখানে খিলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই দেশটির নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে।
ইরাকি টেলিভিশনের খবরে জানানো হয়েছে, কারাগারে বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের হাতে আটক প্রায় ৩০০ ইরাকিকে মুক্ত করা হয়েছে।
ঢাকা, ৭ আগস্ট (টাইমনিউজবিডি.কম)//জেডআই





