ইরান সমর্থিত হুথি শিয়া যোদ্ধাদের হামলায় ইয়েমেন সীমান্তে সৌদি আরবের তিনজন এবং সংযুক্ত আরব আমিরাতের এক সেনা নিহত হয়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ হতাহতের কথা জানায়।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা পরিবেশিত সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সূর্যাস্তের সময় জিজান অঞ্চলে রকেটের আঘাতে দুই সৌদি সেনা নিহত হয়েছেন।

এ হামলার উৎসের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া না গেলেও গত মার্চ মাসে ইয়েমেনি শিয়া হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে রিয়াদের বিমান হামলা শুরুর পর থেকেই তারা প্রায়ই সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণের ঘটনা ঘটছে।

বিস্তারিত উল্লেখ না করে বিবৃতিতে বলা হয়, আসির অঞ্চলের আলাব ক্রসিং পয়েন্টে সৌদি সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছে।

এতে আরো বলা হয়, সোমবার সীমান্তে হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে আমিরাতের এক সৈন্য নিহত হয়েছে।

সাবেক স্বৈরশাসক আলি আবদুল্লাহ সালেহের সঙ্গে জোট বেঁধে সশস্ত্র হুথি বিদ্রোহীরা ইয়েমেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে। এরপর গত ২৬ মার্চ থেকে ইয়েমেন বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানো সৌদি নেতৃত্বোধীন জোটের অংশ হচ্ছে আমিরাত।

বিমান হামলা শুরুর পর থেকেই সীমান্ত বরাবর বিভিন্ন সংঘর্ষ ও গোলাবর্ষণের ঘটনায় অন্তত ৪৩ জন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এদিকে ইয়েমেনের অভ্যন্তরে বিদ্রোহী ও সরকারপন্থী বাহিনীর মধ্যে কয়েক মাসের সংঘর্ষে ২ হাজার ৬০০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছে।

কেএইচ