ইয়েমেন, ইরাক কিংবা সিরিয়া সংঘাতে সৌদি আরব জড়িত হওয়ার পরও ইসলামি প্রজাতন্ত্র ইরান রিয়াদের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করতে চায় না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি। তিনি বলেছেন, এসব দেশে সংঘাতে জড়িত হওয়ার মাধ্যমে সৌদি আরব কৌশলগত ভুল করেছে।
আজ (সোমবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এসব কথা বলেছেন তিনি। ইরানের সঙ্গে অসদাচরণ করা থেকে বিরত থাকতে সৌদি শাসকগোষ্ঠীর প্রতি আহ্বান জানান কাসেমি। ইরানের আহ্বানে সাড়া দেয়া ও তেহরানের সঙ্গে যোগাযোগ করার জন্যও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
কাসেমি বলেন, “সৌদি শাসকদের অসদাচারণ ও অশোভন উক্তির জবাব দিচ্ছি আমরা; দেশটির সঙ্গে আমরা কোনোরকম উত্তেজনা চাই না।” তিনি আশা করেন, ইরানের সঙ্গে সুন্দর পরিবেশে আলোচনায় বসার জন্য সৌদি আরব প্রস্তুত হবে। পাশাপাশি সৌদি সরকার তাদের ভুলগুলো বুঝতে পারবে বলেও আশা করেন ইরানের এ কর্মকর্তা।
এমই





