বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ঢাকা ও ইসলামবাদে নিযুক্ত দুদেশের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে।
নিজামীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করে পাকিস্তান।
প্রতিবাদে বিকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় নিজামীর ফাঁসির ঘটনায় পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র প্রতিবাদ জানায় ঢাকা।
একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর বিষয়ে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমান।
তবে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলম বলেন, নিজামীর ফাঁসি কার্যকরের ঘটনায় বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কে প্রভাব পড়বে না।
নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় 'গভীরভাবে মর্মাহত' বলে একটি বিবৃতি দেয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে গত মঙ্গলবার দিনগত রাত ১২টা ১০ মিনিটে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়। এনিয়ে একই অভিযোগে দলটির চার নেতার ফাঁসি কার্যকর হলো।
ওএফ





