সিরিয়া থেকে দু’বছর আগে নিখোঁজ মার্কিন সাংবাদিককে শিরচ্ছেদ করে হত্যার দাবি করেছে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল। ইরাকে এ গোষ্ঠীর ওপর চলমান মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে সাংবাদিক জেমস ফোলিকে হত্যা করা হয়েছে বলে তারা জানিয়েছে।

এ হত্যাকাণ্ডের পৈশাচিক ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে। 'এ মেসেজ টু আমেরিকা' নামের এ ভিডিওতে ৪০ বছর বয়সি সাংবাদিক জেমস ফোলিকে হত্যার ভয়াবহ দৃশ্য দেখান হয়েছে। ২০১২ সালের নভেম্বরে বন্দুকধারীরা তাকে অপহরণ করেছিল। এর আগে পাঁচ বছর ধরে তিনি মধ্যপ্রাচ্য থেকে প্রতিবেদন পাঠিয়েছেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, উজ্জ্বল কমলা রঙের জাম্পস্যুট পরা ফোলির মতো এক ব্যক্তি একটি মরুভূমিতে হাঁটু গেড়ে বসে রয়েছে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে মুখোশধারী এক ব্যক্তি।

হাঁটু গেড়ে বসে থাকা ব্যক্তিটি বলেন, 'আমার ভাগ্যে যা ঘটতে চলেছে তা মার্কিন সরকারের অপরাধ তৎপরতা ও হামবড়াইয়ের জন্য ঘটছে। আমার আসল হত্যাকারী মার্কিন সরকার এবং আমার বন্ধু,পরিবার এবং প্রিয়জনদেরকে আসল হত্যাকারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানর আহবান জানাচ্ছি।'অন্যদিকে মুখোশধারী ব্যক্তিটি ব্রিটিশ উচ্চারণে বলে, 'এই হলো আমেরিকার নাগরিক জেমস রাইট ফোলি।'

মার্কিন বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং সে কারণে ফোলিকে প্রাণ দিতে হচ্ছে বলে ঘোষণা করার কয়েক সেকেন্ড পরেই ছুরি চালিয়ে সে হত্যা করে ফোলিকে। এ ছাড়া, এ ভিডিও ফুটেজের শেষের দিকে কমলা রঙের পোশাক পরিহিত অপর মার্কিন পণবন্দি স্টিভেন জোয়েল স্কটলোফকে পর্দার কোণায় দেখান হয়।

আইএসআইএলের প্রকাশিত ভিডিও ফুটেজের যথার্থতা যাচাই করে দেখছে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর