উত্তর কোরিয়া নতুন ধরণের পরমাণু পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া সফরের পরিপ্রেক্ষিতে এ পরীক্ষা চালানো হবে বলে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দাবি করেছেন। এ বিবৃতিতে ওবামার সাম্প্রতিক এশিয়া সফরকে বিপদজনক হিসেবে উল্লেখ করা হয়। এতে বলা হয়, এর মাধ্যমে এশিয়ায় মারাত্মক সংঘাত ও পরমাণু অস্ত্র দৌড়ের কৃষ্ণ মেঘমণ্ডলীর বিস্তার ঘটানো হয়েছে।
এ পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া সব বাধাকে অগ্রাহ্য করে পরমাণু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের পথ ধরে এগিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ ছাড়া, বিবৃতিতে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা শুরুতে ওবামার অনীহার কঠোর সমালোচনা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, বল প্রয়োগের মাধ্যমে উত্তর কোরিয়ার পতন ঘটানোর নীতিতে আমেরিকা অটল রয়েছে বলে এতে মনে হয়।
উত্তর কোরিয়া নতুন পরমাণু পরীক্ষা চালাবে বলে উপগ্রহ থেকে নেয়া আলোকচিত্রের ভিত্তিতে যখন জোর জল্পনা চলছে তখন এ বিবৃতি দেয়া হলো। এদিকে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বিতর্কিত পানিসীমানায় উত্তর কোরিয়া তাজা গুলি ব্যবহার করে গতকাল সংক্ষিপ্ত সামরিক মহড়া চালিয়েছ। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার এ রকম মহড়া চালাল দেশটি।
উল্লেখ্য, উত্তর কোরিয়া ২০০৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]।





