ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অত্যাচার বন্ধের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ সিপিএমের সংসদ সদস্য মুহম্মদ বদরুদ্দোজা খান।

লোকসভায় দৃষ্টি আকর্ষণী আলোচনায় শুক্রবার সদস্য বদরুদ্দোজা খান বলেন, বিএসএফের ধারাবাহিক অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এর ফলে সীমান্তের মানুষের জীবন ও জীবিকার পথ কার্যত অচল হয়ে পড়ছে। তিনি সীমান্তের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তিনি আরো বলেন, বিএসএফের জওয়ানদের সীমান্তের জিরো পয়েন্টে থাকার কথা থাকলেও মাঝে মধ্যে তাঁরা গ্রামের মধ্যে ঢুকে পড়েন। চোরাচালান, বেআইনি অনুপ্রবেশ ইত্যাদির অজুহাতে অত্যাচার চালান গ্রামবাসীর ওপর।

এমনকি গ্রামবাসী জমিতে চাষ করতে গেলে চোরাচালানের মিথ্যা অভিযোগ তুলে কেড়ে নেয় তাদের গবাদিপশু। এগুলো করে বিএসএফ প্রতিদিন লঙ্ঘন করে চলছে মানবাধিকার। তিনি সীমান্তের গ্রামবাসীদের বিএসএফের অত্যাচার থেকে রক্ষা করার জোর দাবি জানান।

ঢাকা, ২৭ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস