মুসলিমদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছেন রিপাবলিকান দলের প্রার্থী বেন কারসন। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কারসন বলেন, ‘আমি কখনোই জাতির দায়িত্ব একজন মুসলিমের হাতে তুলে দেওয়াকে সমর্থন করব না। আমি অবশ্যই এটার সঙ্গে একমত নই।’
মুসলিম বিশ্বাস ও মূল্যবোধ আমেরিকান মূল্যবোধের সঙ্গে খাপ খায় না বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ‘আমি মনে করি এটা বিশ্বাসের ওপর নির্ভর করে। যদি এটা (মূ্ল্যবোধ) আমেরিকান মূল্যবোধ ও নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে অবশ্যই এটা একটা সমস্যা। তবে যদি তা আমেরিকান নীতির সঙ্গে মানানসই হয় এবং সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সমস্যা নেই।’
খ্রীষ্ট ধর্মাবলম্বী কারসন আরও বলেন, ‘একজন মার্কিন প্রেসিডেন্টের বিশ্বাস অবশ্যই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’
এ সময় কারসন তার কর বিষয়ক প্রস্তাবের ধারণা বাইবেল থেকে পেয়েছেন বলে উল্লেখ করেন।
এদিকে কারসনের এ মন্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রর সবচেয়ে বড় মুসলিম নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস। ধর্ম নিয়ে বিদ্বেষমূলক এ বক্তব্যের জন্য প্রেসিডেন্ট প্রার্থী থেকে কারসনকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
কারসনের এ মন্তব্যের সমালোচনা করেছেন আরেক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও মিনেসোতা ডেমোক্রেটিকের মুখপাত্র কেইথ এলিসনও। এলিসন দেশটির কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম সদস্য।
ওদিকে এ দিনই কারসনের বক্তব্যের স্বপক্ষে ব্যাখ্যা দিয়েছেন তার প্রচারণা বিষয়ক মুখপাত্র ডগ ওয়াটস। তিনি বলেন, কারসন মূলত বুঝাতে চেয়েছেন আমেরিকানরা এখনও মুসলিমকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করার মানসিকতা থেকে অনেক দূরে রয়েছে।
ইসলামী মূল্যবোধের সঙ্গে যুক্তরাষ্ট্রর সংবিধানের অনেক পার্থক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জেডআই





