শীর্ষ আইএস কমান্ডার ও জঙ্গি সংগঠনটির যুদ্ধমন্ত্রী বলে পরিচিত ওমার আল শিশানি মার্কিন বিমান হামলার পরে ‘ক্লিনিক্যালি ডেড’ বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান রবিবার জানান, শিশানি নিজে থেকে নিঃশ্বাস নিতে পারছে না এবং কৃত্রিম ভাবে যন্ত্রের সহায়তায় তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সে কয়েক দিন ধরেই ‘ক্লিনিক্যালি ডেড’।
তিনি আরো জানিয়েছেন ‘ওমার দ্য চেচেন’ বলে পরিচিত কুখ্যাত এই আইএস কমান্ডার রাকার একটি হাসপাতালে আছেন। গত ৯ মার্চ একটি বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা জানান, ৪ মার্চে একটি বিমান হামলায় ওমার শিশানি হয়তো মারা গেছেন। কর্মকর্তারা ওমারকে আইএসের যুদ্ধমন্ত্রীর সমতুল্য বলে অভিহিত করেন।
জর্জিয়ার চেচেন উপজাতি বংশোদ্ভূত ওমার শিশানিকে জীবিত ও মৃত গ্রেফতার করতে পারলে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল ওয়াশিংটন। ২০১৩ সালের মার্চে আইএস এর সিরিয়ায় উত্থানের সময়ে তাকে দেশটির উত্তরাঞ্চলের কমান্ডার নিযুক্ত করা হয়।
ধারণা করা হয় আইএস এর শীর্ষ সামরিক বাহিনীর কমান্ডার শিশানি এবং তার হাতে গুরুত্বপূর্ণ যুদ্ধের দায়িত্ব প্রদান করা হয়। তবে শিশানি আইএসের রাজনৈতিক নেতৃত্বের অংশ নয় যেটি সামরিক নেতৃত্বের চেয়েও অনেক বেশি ঘোলাটে।
সূত্র: গার্ডিয়ান
এআই





