নৌ-মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেছেন, ‘ঢাকায় পাকিস্তানের দূতাবাসে মাজহার খান ও আফসানা নামের একজন মহিলা জঙ্গীদের পৃষ্ঠপোষকতা করছে। তাদের উদ্দেশ্য একটাই বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করা।
তিনি আরও বলেন, ‘পাকিস্তানের একজন মানবাধিকার কর্মী বলেছেন, পাকিস্তানের এত উতলা আচরণ হলো দ্বৈতনীতি।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের আচরণ দেখে মনে হয় তারা দুজন পাকিস্তানের চর ছিলো।’
রাজধানীর সায়েদাবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় রবিবার তিনি এ সব কথা বলেন। মতবিনিময় সভায় আন্তর্জতিক যুদ্ধাপরাধীদের গণবিচারের দাবিতে কর্মসূচী ঘোষণা করা হয়।
মন্ত্রী পাকিস্তানের ইমরান খানের তীব্র সমালোচনা করে বলেন, ‘ধূর্ত নিয়াজি বাংলাদেশে গণহত্যার পরিকল্পনা করছিলো, সেই নিয়াজির নাম হলো আমির আবদুল্লাহ নিয়াজি। ইমরান খান হলো সেই নিয়াজির আপন ভাতিজা।
সে তো আমাদের বিরুদ্ধে বলবেই। সাকা, মুজাহিদের ফাঁসির আগে ইমরান খান প্রধানমন্ত্রীকে ফোন করেছিলো, চিঠি লিখেছিলো। কিন্তু ফাঁসি হয়ে যাওয়ার পরই তারা বললো এটা একটা অন্যায় করা হয়েছে। তারা ক্ষোভ প্রকাশ করলো।’
এসএইচ





