ফিলিস্তিন ও ইসরাইল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। মিশরের মধ্যস্থতায় মঙ্গলবার এই যুদ্ধবিরতির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি, আল জাজিরা ও এনডিটিভি।

নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, গাজায় জরুরী, নিত্য প্রয়োজনীয় পণ্য ও নির্মাণ সামগ্রী সরবরাহের জন্য অবরোধ প্রত্যাহারের ব্যাপারে রাজি হয়েছে ইসরাইল। শুধু তাই নয়, হামাসের পক্ষে মধ্যস্থতাকারী মূসা আবু মারজুক জানিয়েছেন, হামাস তথা গাজাবাসীর আরও বেশ কিছু দাবি মেনে নিতে সম্মত হয়েছে ইসরাইল।  

নির্বাসিত এই হামাস নেতা সামাজিক যোগাযোগের মাধ্যমে যুদ্ধবিরতির চুক্তিকে "বিজয় " হিসেবে আখ্যায়িত করেছেন।

এক টুইট বার্তায় তিনি বলেন,"আমরা একটি চুক্তিতে পৌছেছি যেটা আমাদের জনগণের স্বাভাবিক অবস্থায় ফিরে আসার ক্ষমতাকে মুকুট পরাবে এবং এটা আমাদের প্রতিরোধের বিজয়।"

শহর নাকি  বড় কোনো ধ্বংসস্তুপ

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন,গত ৮ জুলাই থেকে গাজায় যে হামলা শুরু হয়েছে, তাতে এ পর্যন্ত অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই নিহত হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় মারা গেছেন মোট ২,১৩৮ জন। এর মধ্যে ৪৯০ জনেরও বেশি শিশু রয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০,৯১৫ জন।

ইসরাইলি হামলায় হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। পেলেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস নামের একটি সংগঠন জানিয়েছে, হামলার কারণে ৫৪০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে, হামাসের প্রতিরোধে ৬৮ ইসরাইলি সেনা ও নাগরিক নিহত হয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা ও এনডিটিভি

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ, টিআই