আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার এক যুদ্ধবিমানকে তাড়া করেছে তুরস্কের যুদ্ধবিমান। মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ওয়ার্ল্ডবুলেটিন। তবে, বিমান থেকে গুলি ছোঁড়া হয়নি বলে জানিয়েছে তুরস্কের বিমানবাহিনী।
তুরস্কের বিমান বাহিনীর জেনারেল স্টাফ তার ওয়েবসাইটে মঙ্গলবার জানান, রাশিয়ার আইএল-২০ টাইপের একটি যুদ্ধবিমান তুরস্কের আকাশসীমায় প্রবেশ করে। বিমানটি কৃষ্ণ সাগরের সীমা ছাড়িয়ে তুরস্ক বরাবর এগুতে থাকে।
এ সময় তুরস্কের বিমানবাহিনী তাৎক্ষণিক দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠায় বিমানটিকে তাড়া করার জন্য। তুরস্কের যুদ্ধবিমানের তাড়া খেয়ে দ্রুত তুরস্কের আকাশসীমা ছেড়ে চলে যায় রাশিয়ার জেট বিমানটি।
অন্যদিকে, তুরস্কের দক্ষিণ সীমান্তে সিরিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার তুরস্কের আকাশসীমার কাছাকাছি চলে গিয়েছিল। এর জবাবে তুরস্ক দুটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়ে হেলিকপ্টারটিকে ধাওয়া করে।
তবে, সিরিয়ার হেলিকপ্টারটি তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেনি। ওই এলাকায় তুরস্কের দুটি এফ-১৬ যু্দ্ধবিমান রুটিন টহল দিচ্ছিল।
প্রসঙ্গত, তুরস্কের সিরিয়া সীমান্তে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করার পর থেকে ওই এলাকায় দু'দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ২৩ মার্চ সিরিয়ার একটি যু্দ্ধবিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করলে তা ধ্বংস করে ফেলে তুরস্কের বিমানবাহিনী। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
[b]ঢাকা, ০৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ  [/b]