যুক্তরাষ্ট্র ইরাকের অবরুদ্ধ আমেরলি শহরে বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলেছে। ত্রাণ তৎপরতায় যুক্তরাষ্ট্রকে সহযোগীতা করেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া।

এছাড়া, ইসলামিক স্টেট (আইএস) বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে মার্কিন বিমান হামলার পর ইরাকি সেনাসদস্য ও মিলিশিয়রা শহরটিতে প্রবেশ করেছে। বিবিসি'র খবরে বলা হয়, ১৫ বিদ্রোহীকে আটক করা হয়েছে।

প্রায় ১৫,০০০ শিয়া তুর্কম্যান অধ্যুষিত আমেরলি শহরটি ২ মাস ধরে আইএস বিদ্রোহীরা বিচ্ছিন্ন করে রাখায় সেখানে খাবার, পানি এবং ওষুধ সরবরাহ কঠিন হয়ে পড়েছিল।

পেন্টাগণের প্রেস সেক্রেটারি রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, ইরাকি সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র শনিবার আমেরলি শহরে বিমান থেকে ত্রাণসামগ্রী ফেলেছে।

পরে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের দেয়া ত্রাণসামগ্রীর মধ্যে ১০ হাজার ৫শ’ গ্যালন খাবার পানি এবং সাত হাজার খাবার প্যাকেট রয়েছে।

কিরবি জানান, যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্যের বিমান থেকেও ত্রাণসামগ্রী ফেলা হয়।
তিনি আরো বলেন, ত্রাণসামগ্রী ফেলার কাজ নিরাপদ করতে একইসঙ্গে আইএস বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত রাখা হয়।

শনিবার পেন্টাগন থেকেও বলা হয়েছে, ইরাকের মসুল শহরের বাঁধের কাছে আইএস বিদ্রোহীদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নতুন করে বিমান হামলা চালিয়েছে।

কিরবি বলেন, মার্কিন সামরিক বাহিনী এ ধরনের অভিযানের কার্যকারিতা পর্যালোচনার কাজ অব্যাহত রাখবে। একইসঙ্গে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মার্কিন সংস্থা ইরাকি সরকার, জাতিসংঘ ও বেসরকারি সংস্থাসহ আর্ন্তজাতিক অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে। সূত্র: বিবিসি, এএফপি

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই