[b]জেনেভা:[/b] জাতিসংঘ ও আরব লীগের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি লাখদার ব্রাহিমি বলেছেন, জেনেভা শান্তি সম্মেলনে ইরানের উপস্থিতি একটি ফল বের করে আনতে সহায়ক হত। সিরিয়ার মধ্যস্থতাকারীরা ভবিষ্যতে এ সংক্রান্ত যেকোনো আলোচনায় ইরানকে আমন্ত্রণ জানাবে বলে তিনি উল্লেখ করেন।
ইরানের উপস্থিতি ছাড়াই জেনেভা-২ সম্মেলন শুরু হওয়ার ছয়দিনের মাথায় মঙ্গলবার রাতে নিজের এ উপলব্ধির কথা জানান। গত ছয়দিনের জেনেভা বৈঠকে কোনো ধরনের অগ্রগতি হয়নি বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। গত সপ্তাহে জাতিসংঘ মহাসচিব জেনেভা-২ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করে নিয়েছিলেন।
এখন পর্যন্ত ফলাফলবিহীন জেনেভা-২ আলোচনায় মঙ্গলবার সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আল-যোবি বলেন, মধ্যপ্রাচ্যের যেকোনো সমস্যা সমাধানে বিশেষ করে সিরিয়া সংকট সমাধানে ইরানের অংশগ্রহণ জরুরি। জেনেভা-২ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো উচিত ছিল;কারণ এ সংকট সমাধানে ইরানের ভূমিকাকে উপেক্ষা করা সম্ভব নয়।
এর উত্তরে ব্রাহিমি বলেন, “আমার মনে হয় আমরা ভবিষ্যত আলোচনাগুলোতে ইরানকে আমন্ত্রণ জানাতে পারি।” এ ছাড়া, মঙ্গলবার ব্রাহিমি স্বীকার করেন, এখনো পর্যন্ত আলোচনায় কোনো অগ্রগতি হয়নি।
তিনি বলেন, “আমরা এখনো কোনো সাফল্য অর্জন করিনি, কিন্তু আমরা এখনোও এখানে বসে আছি। কেউ উঠে যাচ্ছে না, কেউ সরে পড়ছে না, আমার দৃষ্টিতে এটিই যথেষ্ট।” সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ