সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নজরুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
শনিবার (১৮ জুন) ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া এলাকায় নিহত নজরুলের গ্রামের বাড়িতে এমন দৃশ্য দেখা যায়।
নজরুল ইসলাম ওই গ্রামের সোরাব মোল্লার ছেলে। স্ত্রী মোসাম্মাদ শাহানা বেগমসহ তোবা আক্তার (০৯) ও সামিয়া আক্তার (০৬) নামে দুটি মেয়ে রয়েছে তার।
ভাগ্য ফেরাতে দেশ ছেড়ে প্রবাসে যাওয়া নজরুলের মরদেহের অপেক্ষায় তার পরিবারের সদস্যরা। বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যুর খবর শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আশপাশের এলাকার লোকজন জড়ো হয়েছেন নিহতের বাড়িতে।
নিহত নজরুলের ভাই মো. শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৬ জুন) মধ্যরাতে মাইক্রবাসে করে মক্কা থেকে নিজ কর্মস্থল আবা শহরে যাওয়ার পথে নজরুল সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ দুর্ঘটনায় আরো দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলেন- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বীরমাইজদিয়া গ্রামের সজিব মিয়া ও মো. শাহজাহান।
ওএফ





