ইউক্রেনের প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় একজন রাজনীতিকসহ দুই ব্যক্তি নিহত হওয়ার পর এ নির্দেশ দিলেন তিনি।
নিহত দুই ব্যক্তিকে ‘নির্যাতন চালিয়ে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। সম্প্রতি রুশপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করে তা আবার স্থগিত করা হয়েছিল।
অন্তর্বর্তী প্রেসিডেন্টের পাশাপাশি ইউক্রেনের পার্লামেন্ট স্পিকার হিসেবেও দায়িত্ব পালন করছেন তুরচিনভ। তার স্পিকারের দপ্তর থেকে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এক বিবৃতিতে রুশপন্থীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দেয়া হয়।
প্রেসিডেন্ট তুরচিনভ বলেন, রুশপন্থী গেরিলাদের নিয়ন্ত্রিত স্লোভিয়ান্স্ক শহরের কাছে স্থানীয় রাজনীতিক ভ্লাদিমির রিবাকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, “গোটা দোনেত্স্ক অঞ্চল অপহরণকারী সন্ত্রাসীরা বড় বেশি বাড় বেড়েছে।”
দোনেত্স্ক অঞ্চলের গোরলিভকা শহরের অন্যতম কাউন্সিলর রিবাক সম্প্রতি ‘সন্ত্রাসীদের’ হাতে অপহৃত হয়েছিলেন বলে প্রেসিডেন্ট জানান। রিবাক ছিলেন পাশ্চাত্যপন্থী নেত্রী ও ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কোর রাজনৈতিক দলের স্থানীয় নেতা। আগামী ২৫ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ইউলিয়া প্রার্থী হয়েছেন। ওলেক্সান্ডার তুরচিনভ তারই দলের একজন নেতা।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অন্তত নয়টি শহরের সরকারি ভবন গত কয়েক সপ্তাহ ধরে দখল করে রয়েছে রুশপন্থী অস্ত্রধারীরা। ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ ঘটনার জন্য মস্কোর ‘উস্কানি’কে দায়ী করছে। তবে রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
ইউক্রেনে আবার অভিযান শুরুর নির্দেশ
ইউক্রেনের প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় একজন রাজনীতিকসহ দুই ব্যক্তি নিহত হওয়ার পর এ নির্দেশ দিলেন তিনি





