নিজ ভূমিতে ভারতীয় বাহিনীর হামলা চালানোর বিষয়টি অস্বীকার করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে গত বুধবার জানানো হয়েছে, হামলা ভারতীয় সীমান্তেই হয়েছে, মিয়ানমারে নয়। খবর এএফপির।
ফেসবুক বার্তায় মিয়ানমারের প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচালক জ হতে বলেন, ‘তাতমাদু (মিয়ানমার সেনাবাহিনী) ব্যাটালিয়নের দেওয়া তথ্যানুযায়ী আমরা জানতে পেরেছি যে, ভারত-মিয়ানমার সীমান্তের ভারতীয় অংশে সেনা অভিযান চালানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কোনো বিদেশী আমাদের মাটিতে বসে প্রতিবেশী দেশগুলোতে হামলার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।’
এর আগে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, গত মঙ্গলবার মিয়ানমার সীমান্তসংলগ্ন এলাকায় বিদ্রোহীদের দমনে অভিযান চালিয়েছে ভারতীয় সেনা ও বিমানবাহিনী। এ সময় মিয়ানমারের ভেতরে অবস্থিত বিদ্রোহীদের দুটি ঘাঁটিতেও হামলা পরিচালনা করা হয়।
ওই হামলায় অন্তত ২০ বিদ্রোহী নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
ভারত সরকারের পক্ষ থেকে মিয়ানমারের ভূখণ্ডে হামলা চালানোর বিষয়টি সরাসরি স্বীকার করা না হলেও সন্ত্রাসবাদের ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
জেআই





