পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে সুনামি আঘাত হানতে পারে উল্লেখ করে ইমরান খান বলেছেন, রোববারই পাকিস্তানের ইতিহাসের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। কাঙ্ক্ষিত জনসমাবেশ না হওয়া সত্ত্বেও খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে দেশটির সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফের আজাদি শোভাযাত্রা আজ চর্তুথ দিনে পা দিয়েছে।
পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান আওয়ামী তেহররিক (পিএটি) ইসলামাবাদে তাদের অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে। নতুন সরকার গঠনের লক্ষ্যে নওয়াজের পদত্যাগের দাবিতে ঐকমত্য বজায় রেখেছে পিটিআই এবং পিএটি।
রাতে আজাদি শোভাযাত্রায় দেয়া দেয়া বক্তৃতায় ইমরান বলেন, রোববার চূড়ান্ত খেলা হয়ে যাবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, সংসদ এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আঘাত হানতে পার সুনামি।
এদিকে পাক তথ্যমন্ত্রী পারভেজ রাশিদ বলেছেন, শোভাযাত্রা শুরুর অনেকে আগেই ইমরান প্রতিশ্রুতি দিয়েছিলেন, সমাবেশ কেবল ইসলামাবাদের পূর্ব নির্ধারিত স্থানেই সীমিত থাকবে। কিন্তু ইমরান এ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং ইসলামাবাদের রেড জোনের দিকে এগিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রাশিদ বলেন, একযোগে বোলার, ব্যাটসম্যান এবং আম্পায়ারের ভূমিকা পালন করে ইমরান নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন।
বিবিসি'র খবরে বলা হয়, শোভাযাত্রায় অংশগ্রহণকারী উভয় দলের সমর্থকরা ট্রাক, জিপ ও গাড়িতে আরোহন করে লাহোর থেকে ৩৫০ কিলোমিটার দূরে রাজধানী ইসলামাবাদে এসেছেন।
আটক ২,৫২০
শোভাযাত্রাকে কেন্দ্র করে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং পাকিস্তান আওয়ামী তেহররিক (পিএটি) এই দু' সংগঠনের ২,৫২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা থেকে তাদের আটক করা হয়।
ডন অনলাইনের খবরে বলা হয়, বর্তমানে তাদেরকে ২৭টি জেলে বন্দি রাখা হয়েছে। সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এদের সবাইকে জেলে রাখা হবে। সবচেয়ে বেশি আটক রয়েছে গুজরানওয়ালা কেন্দ্রীয় কারাগারে, ৩৫৪ জন। এরপর, মিআনওয়ালি কেন্দ্রীয় জেলে আটক রয়েছে ৩৪০ জন।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





