পাকিস্তান বলেছে, ইয়েমেন প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দেয়া হুমকি মেনে নেয়া হবে না।
পাকিস্তানের সংসদ সৌদি আহ্বানে ইয়েমেনে সেনা পাঠাতে সম্মত না হওয়ায় এবং ইয়েমেনের বিষয়ে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয়ার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত দেশটির প্রতি হুমকি যে দিয়েছিল তার জবাবে এ কথা বলেছে ইসলামাবাদ।
শনিবার সংযুক্ত আরব আমিরাতের উপ পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ এক বিবৃতিতে পাক সংসদের সিদ্ধান্তকে তার ভাষায় 'বিপজ্জনক ও অপ্রত্যাশিত' বলে অভিহিত করেন। এ ছাড়া, এ জন্য পাকিস্তানকে চড়া মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার দেন তিনি।
জবাবে পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান অভিযোগ করেন, পাকিস্তানকে সংযুক্ত আরব আমিরাত হুমকি দিয়েছে। তিনি বলেন, কূটনৈতিক বিষয়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিরাজমান নীতি লঙ্ঘন করে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী বিবৃতি দিয়েছেন। এ বিবৃতির মধ্য দিয়ে পাক সরকার ও জনগণের আত্মমর্যাদায় আঘাত হানা হয়েছে উল্লেখ বলে করেন তিনি। এ জাতীয় বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং তা সহ্য করা হবে না বলে জানিয়ে দেন তিনি।
ইয়েমেন আগ্রাসনে সেনা, যুদ্ধজাহাজ ও জঙ্গিবিমান পাঠানোর আনুষ্ঠানিক আহ্বানের পরিপ্রেক্ষিতে এ সংকটের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা ও সৌদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করে গত শুক্রবার পাক সংসদ সর্বসম্মতভাবে একটি প্রস্তাব গ্রহণ করে।
অবশ্য প্রস্তাবে সৌদি ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া, সৌদি আরবে ব্যাপক সংখ্যক পাকিস্তানে সেনা মোতায়েন আছে বলেও পাক শীর্ষস্থানীয় সূত্র থেকে জানানো হয়েছে। রেডিও তেহরান
ইআর





