পাকিস্তানে ফতেউল্লাহ গুলেনের পরিচালিত শিক্ষা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছে তুরস্ক। পাকিস্তানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সাদিক বাবর গিরগিন এ আহ্বান জানান। মার্কিন যুক্তরাষ্ট্র স্বেচ্ছা নির্বাসিত ফতেউল্লাহ গুলেন তুরস্কের গত সপ্তাহের অভ্যুত্থান প্রচেষ্টার পরিকল্পনা করেছেন বলে তুর্কি কর্তৃপক্ষ অভিযোগ করছে।

রাজধানী ইসলামাবাদে তুরস্কের পরিস্থিতি নিয়ে মিডিয়া ব্রিফিং’এ তুর্কি রাষ্ট্রদূত বলেন, গুলেন গোষ্ঠীর তৎপরতা বন্ধের জন্য সব বন্ধু দেশকে আঙ্কারা অনুরোধ জানিয়েছে। অভ্যুত্থানে গুলেন জড়িত থাকার বিষয়ে অকাট্য প্রমাণ তুর্কি সরকারে কাছে আছে বলেও এ সময়ে দাবি করেন তিনি।

তিনি আরো বলেন, পাকিস্তানের গুলেন গোষ্ঠীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অবশ্য পাক সরকারের সঙ্গে সব ক্ষেত্রেই তুরস্কে চমৎকার সহযোগিতা রয়েছে বলেও জানান তিনি।

গুলেন পাকিস্তানে ২১টি স্কুলের নেটওয়ার্ক এবং রুমি ফোরাম পরিচালনা করে। এ ছাড়া, গুলেনের ব্যবসায়িক তৎপরতাও রয়েছে দেশটিতে। গত কয়েক দশক ধরে এ সব সংস্থা পাকিস্তানে পরিচালিত হচ্ছে।

এদিকে, সরকারের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের কোনো কোনো সংবাদ মাধ্যম বলেছে, গুলেনের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার বিষয় খতিয়ে দেখতে শুরু করেছে ইসলামাবাদ সরকার।

এফএফ