[b]বাগদাদ:[/b] ইরাকের রাজধানী বাগদাদে সোমবার কয়েক দফা বোমা হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ৬৭ জন। বাগদাদের পুলিশ ও হাসপাতালের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। তবে, বিবিসি জানিয়েছে, হামলায় নিহত হয়েছেন ২১ জন, আর আহত হয়েছেন ৪০ জন।
দেশটির সেনাবাহিনী যখন পশ্চিমাঞ্চলীয় শহর ফালুজা ও রামাদিতে সুন্নী সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত তখন রাজধানীতে এ হামলা চালানো হলো। রয়টার্স জানিয়েছে, সোমবার বাগদাদে অন্তত ৭টি বোমা হামলা চালানো হয়।
সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয় বাগদাদের দক্ষিণাঞ্চলে। সেখানে এক ব্যস্ত বাজারে বোমা হামলায় ৭ জন নিহত হন।
এ ছাড়া, বাগদাদের শিয়া অধ্যুষিত জাদিদা, হুরিয়া এবং বারিয়া জেলায় আরো বেশ কয়েকটি বোমা হামলা চালানো হয়।
হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার না করেনি। তবে, শিয়া শাসিত ইরাকে সুন্নী সশস্ত্র গোষ্ঠীগুলোকেই এজন্য দায়ী করা হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাকে জাতিগত সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। গত ডিসেম্বরে দেশজুড়ে সহিংসতায় ৭৫৯ জন নিহত হন। তাছাড়া, চলতি মাসে এ পর্যন্ত ৬৫০ জন নিহত হয়েছেন।
গত ১৫ জানুয়ারি রাজধানী বাগদাদসহ কয়েকটি জায়গায় ভয়াবহ হামলায় ৭০ জন নিহত হন। সূত্র: বিবিসি
টাইম নিউজ/এসএমএ