পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’র চেয়ারম্যান ও চলমান আন্দোলনের প্রধান নেতা ইমরান খান বলেছেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের শাসনের অবসান ঘটানোর সময় এসে গেছে।

রাজধানী ইসলামাবাদের রেড জোনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া কর্মী-সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইমরান বলেন, “সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে আমরা নওয়াজকে বিদায় জানাব।” ইমরান খান জানান, আজ সকালেও তার দলের এক কর্মীকে হত্যা করা হয়েছে।

এদিকে, আজ সকালের দিকে পিটিআই’র অন্তত ৮০০ কর্মী সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন পিটিভি’র প্রধান কার্যালয়ে ঢুকে পড়ে। তবে সেনাবাহিনী তাদেরকে বের করে দিতে সক্ষম হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিটিভি ভবনে ঢুকে পড়ার নিন্দা জানিয়ে ইমরান খান বলেছেন, যারাই এ কাজ করুক না কেন এর কোনো যুক্তি নেই।

তিনি দাবি করেন, পিটিভি ভবনে ঢুকে পড়ার কোনো কর্মসূচি তার দলের ছিল না। তিনি অভিযোগ করেন, পুলিশের পোষাকে সরকার অন্য লোকদের দিয়ে সহিংসতা করাচ্ছে।

ঢাকা, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই