'দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা যায়' এমন মন্তব্য করার পর তোপের মুখে পড়েছেন ফিলিপাইনের নব-নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এমন বক্তব্য দেয়ার পর ফিলিপাইনের গণমাধ্যমে বুধবার প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করা হয়। প্রেসিডেন্টের এমন মন্তব্যের কারণে মানুষ হত্যার মত অপরাধ বেড়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন।

ফিলিপাইনে এ মাসের নির্বাচনে জয় পাওয়া দুতার্তে মঙ্গলবার সাংবাদিকদের বলেন, যেসব সাংবাদিক ঘুষ গ্রহণ কিংবা অন্যান্য দুর্নীতির সঙ্গে জড়িত সেসব সাংবাদিককে হত্যা করাই সংগত।

গত সপ্তাহে ম্যানিলায় এক সাংবাদিককে গুলি করে খুন করার প্রেক্ষাপটে ফিলিপাইনে মিডিয়া কর্মীদের এভাবে হত্যার সমস্যা সমাধানে তিনি কি পদক্ষেপ নেবেন জানতে চাইলে দুতার্তে বলেন, ‘আপনারা সাংবাদিক হয়েও যদি কুত্তার বাচ্চার মতো আচরণ করেন তাহলে মৃত্যুর হাত থেকে আপনাদের রেহাই নেই।’

ফিলিপাইনের জাতীয় সাংবাদিক ইউনিয়ন দুতার্তের এ মন্তব্যকে সাংবাদিকদের প্রতি বড় আঘাত হিসেবে বর্ণনা করে।

উল্লেখ্য, সাংবাদিকদের জন্য বিশ্বে যতগুলো ঝুঁকিপূর্ণ দেশ আছে তার মধ্যে ফিলিপাইন অন্যতম। সূত্র: এএফপি

এআই