চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে ভূমিধসে প্রায় ৯১ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন কয়েক শ উদ্ধারকর্মী।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল রোববার সন্ধ্যায় শহরের একটি শিল্পপার্কে ওই ভূমিধস হয়। এতে ৩৩টি ভবন দেবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত সাতজনকে উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো, ভূমিধসে নিখোঁজ থাকা ব্যক্তিদের মধ্যে ৫৯ জন পুরুষ ও ৩২ জন নারী।
নিখোঁজ ব্যক্তিদের খোঁজ ও উদ্ধারে রাতভর তৎপরতা চালিয়েছেন উদ্ধারকর্মীরা।
স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে, নির্মাণ বর্জ্যের বিপুল স্তূপ ধসে পড়লে ওই ভূমিধস হয়। ভূমিধসের পরিপ্রেক্ষিতে পার্শ্ববর্তী একটি পেট্রল স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষের ভাষ্য, ভূমিধসের আগেই শিল্পপার্ক থেকে ৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়। শেনঝেন শহরটি চীনের অন্যতম বড় এবং গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত।
এমএম





