মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দিচ্ছে দখলদার ইসরাইলি সেনারা। জেরুজালেমের পূর্ব কুদস শহরে অবস্থিত এই পবিত্র মসজিদে ফিলিস্তিনি ইবাদতকারীদের প্রবেশ করতে দিচ্ছে না যায়নবাদী ইসরাইলি বাহিনী, খবর প্রেসটিভি।
প্রেসটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল থেকেই দখলদার ইসরাইলি বাহিনী জেরুজালেম শহরের সমস্ত প্রবেশ পথ বন্ধ করে দেয়। পাশাপাশি শহরের পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদ এলাকায় প্রবেশের পথে আরও বেশি কড়াকড়ি আরোপ করে।
ইসরাইলি পুলিশ সমস্ত ফিলিস্তিনি নারীদের এবং ৩৫ বছরের নিচে পুরুষদের এই পবিত্র স্থানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে।
প্রতিবেদনে বলা হয়, দখলদার ইসরাইলিদের একটি দল সোমবার এই পবিত্র স্থান পরিদর্শনের পরিকল্পনা করেছে।
উল্লেখ্য, মুসলমানদের পবিত্র এই আল-আকসা মসজিদ কমাউন্ডটি ইসরাইলি দখলে থাকা পুরাতন আল কুদস শহরে অবস্থিত। ইহুদীদের কাছেও এটি ধর্মীয় ও পবিত্র স্থান।
সাম্প্রতিক মাসগুলোতে এই মসজিদকে ঘিরে দখলদার ইসরাইলিদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষে বেড়েছে। মুসলমানদের পবিত্র এই মসজিদ এলাকায় দখলদার ইহুদীদের পরিদর্শনের মাত্রা সাম্প্রতিক সময়ে বেড়েছে এবং মুসলমানদের মসজিদে অবাধ যাতায়াতে বাধা সৃষ্টি করা হচ্ছে। আর এরই প্রেক্ষিতে সংঘর্ষের মাত্রা বেড়ে চলছে।
গত মে মাসে একদফায় যায়নবাদী ইসরাইলি দখলদাররা মুসলমানদের আল-আকসা মসজিদে নামাজ পড়তে বাধা দেয়। ওই নিষেধাজ্ঞার সময় অনেক মুসলমান মসজিদের মূল গেটগুলোর সামনেই নামাজ আদায় করেন।
গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনে ইসরাইলি বর্বর হামলার পর থেকে আল-আকসা মসজিদে প্রার্থনার ক্ষেত্রে মুসলমানদের ওপর নতুন করে কড়া বিধি-নিষেধ আরোপের এই ঘটনা ঘটলো।
গত ২৮ দিনের ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ১৮৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪০০'র বেশি শিশুসহ অধিকাংশই নারী ও বৃদ্ধ। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৯,৩০০ ফিলিস্তিনি নাগরিক।
ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে গাজায় লড়াই চালিয়ে যাচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক শাখা ইজ্জদিন আল কাসসাম ব্রিগেডের দেয়া তথ্যমতে তারা এ পর্যন্ত ১৫০ ইহুদীবাদী সেনাকে খতম করেছে। তবে, ইসরাইল তাদের ৭০ সেনার প্রাণহানীর বিষয়টি স্বীকার করেছে।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেবি





