ইউক্রেনে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেন সেনা ও দেশটির পূর্বাঞ্চলীয় রাশিয়াপন্থী বিদ্রোহীদের মধ্যে সম্প্রতি উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ১০ জন নিহতের ঘটনা ঘটল।

সামরিকবাহিনী ও বিদ্রোহীদের বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে, পূর্ব ইউক্রেনের কয়েকটি স্থানে সংঘর্ষে অন্তত দুই সেনা ও আট বেসামরিক লোক নিহত হয়েছেন। গত এক মাসের বেশি সময়ের মধ্যে এই প্রথম একদিনে এত লোক নিহতের ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে।

খবরে বলা হয়েছে, পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ মারিওপল বন্দর নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউক্রেন যখন আগামী সপ্তাহে স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে তার আগে সংঘর্ষ বৃদ্ধির ঘটনা ঘটল।

ইউক্রেনে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং ইউরোপীয় কমিশনের মুখপাত্র ক্যাথেরিন অ্যাশটন। তারা উভয়পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহবান জানিয়েছেন। ফেব্রুয়ারিতে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।

কেএইচ