গরমের ছুটিতে ১৭ বছরের কিশোরী ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কন্যা মালিয়ার হাতে রয়েছে বেশ কিছু সময়। এ সুযোগে ইন্টার্নশিপের কাজটা সেরে নিচ্ছেন সে। ইন্টার্নশিপ বাবার প্রখ্যাত ল ফার্ম বা হোয়াইট হাউসের কোনো বিশেষ দফতরে নয়। এর মাধ্যমে তিনি বাবার মতো রাজনীতি শিক্ষার পাঠ নিচ্ছেন না, শিখছেন রুপালি জগতে কারিকুলাম!

এইচবিওতে প্রচারিত মার্কিন পরিচালক এবং লেখিকা লেনা ডানহ্যামের জনপ্রিয় ধারাবাহিক ‘গার্লস’। এর শুটিংয়ে সহকারীর দায়িত্ব পালন করছেন তিনি। শুটিং সেটের সামনে ভিড় সরাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বড় মেয়ে মালিয়া!

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, এর আগেও হ্যালে বেরি পরিচালিত একটি টিভি সিরিয়ালে সহকারী হিসেবে পর্দার পেছনে কাজ করেছেন মালিয়া। তবে ‘গার্লস’-এর সেটে মালিয়াকে দেখে চোখ কপালে অনেকেরই।

বিতর্কিত কমেডি-ড্রামা ‘গার্লস’ ভাষা বা গল্পের দিক থেকে বেশ সাহসী। বহু দিন ধরেই লেনা ডানহ্যামের এই সিরিয়ালের ভক্ত মালিয়া। মেয়ের এই প্রীতি নিয়ে দুশ্চিন্তার কথাও আগে শোনা গিয়েছে বাবা ওবামার মুখে।

কিন্তু সতের পা দেওয়া মালিয়াকে পছন্দের কাজ করতে আটকাতে পারেননি প্রেসিডেন্ট। এই বছরের প্রথমদিকে ডানহ্যাম হোয়াইট হাউসে গেলে তার কাছে ইচ্ছার কথা অকপটে জানান মালিয়া। তখনই কথাবার্তা হয়েছিল দুজনের মধ্যে। ডানহ্যামের শ্যুটিংয়ে কাজ করার আবদারও করেন বসেন তিনি।

আর তার জেরেই ইতিমধ্যেই ‘গার্লস’-এর সেটে দেখা গেছে মালিয়াকে। নিউ ইয়র্কের ব্রুকলিনের এক রেস্তোরাঁয় শ্যুটিংয়ের সময় স্পটের আশপাশ থেকে ভিড় সরানোর কাজ করছিলেন তিনি।

আগামী বছর ওয়াশিংটনের প্রাইভেট সিডওয়েল ফ্রেন্ডস স্কুল থেকে পাশ করে বেড়োবেন মালিয়া। সম্প্রতি নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে ঢুঁ মারতেও দেখা গিয়েছে তাকে।

বাবার মতো যে আইন পড়ে রাজনীতির মাঠ কাঁপাবেন না- সে রকম ইঙ্গিত মিলেছে এরই মধ্যেই। এখন দেখার বিষয় আসলে তিনি রুপালি পর্দায় দর্শক মাতাবেন নাকি বাবার মতো রাজনৈতিক অঙ্গন? (তথ্যসূত্র : ইউএস ম্যাগাজিন, ইউএসএ টুডে)

এমকে