ইরানের কয়েকটি শহরে সাম্প্রতিক সময়ে গোলযোগ সৃষ্টিকারীদের নাশকতামূলক তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ।
সংস্থার পরিচালক মাইক পম্পেও রোববার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে ইরানে যে কোনো ধরনের বিশৃংখলা, গোলযোগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টির তৎপরতার প্রতি সমর্থন ঘোষণা করেন।
এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের বহু কর্মকর্তা ইরানের বিশৃংখলা সৃষ্টিকারীদের প্রতি সমর্থন ঘোষণা করলেন। মার্কিন কর্মকর্তারা ইরানের মুষ্টিমেয় কিছু লোকের নাশকতামূলক তৎপরতাকে সে দেশের সরকার ব্যবস্থাকে উৎখাতের ‘সুযোগ’ বলে অভিহিত করেন।
কিন্তু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার ইরানের বিশৃংখলা সম্পর্কে যুক্তরাষ্ট্র চাপে অনুষ্ঠিত একটি বৈঠক ব্যর্থ হয়। এর ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শেষ সুযোগও ব্যর্থ হয়ে যায়।
সম্প্রতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে রাজধানী তেহরানসহ ইরানের কয়েকটি শহরে কিছু মানুষ বিক্ষোভ দেখান। শান্তিপূর্ণ ওই বিক্ষোভকে কাজে লাগিয়ে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি নাশকতামূলক তৎপরতা চালায় ও সরকারি সম্পদের ক্ষতি করে।
এই অপরাধমূলক তৎপরতার নিন্দা জানিয়ে গত বুধবার থেকে ইরানজুড়ে সরকারের সমর্থনে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
এমআর





