সিরিয়ার অভ্যন্তরে আইএসআইএল বিদ্রোহীদের অবস্থানে সম্ভাব্য একতরফা মার্কিন হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দামেস্ক ও মস্কো। দেশ দু’টি সতর্ক করে দিয়ে বলেছে, জাতিসংঘের ম্যান্ডেট ছাড়া এ ধরনের যে কোনো হামলা হলে, সেটা হবে সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএসআইএলের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পরিকল্পনা ঘোষণা করার পর রাশিয়া ও সিরিয়া এ সতর্কবাণী উচ্চারণ করল। ওবামা বুধবার এক ভাষণে বলেছেন, সিরিয়া ও ইরাকে আইএসআইএলের অবস্থানে বিমান হামলা চালানোর পাশাপাশি এ গোষ্ঠী বিরোধী ‘মধ্যপন্থী’ গোষ্ঠীগুলোকে সহায়তা দেবে ওয়াশিংটন।

এর প্রতিক্রিয়ায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশেভিচ বৃহস্পতিবার বলেছেন, সিরিয়ায় আইএসআইএল অবস্থানে সম্ভাব্য মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে ধরে নেয়া হবে। তিনি বলেন, “জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যথাযথ অনুমোদন ছাড়া এ ধরনের যেকোনো পদক্ষেপ হবে আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।”

সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন দেয়ার ক্ষেত্রে মার্কিন সরকার দ্বিমুখী নীতি নিয়েছে বলে উল্লেখ করেন লুকাশেভিচ। তিনি বলেন, “মার্কিন সরকার ইরাকে যখন আইএসআইএল বিরোধী হামলায় বাগদাদ সরকারকে সহযোগিতা করছে তখন একই কাজে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী গোষ্ঠীগুলোর শরণাপন্ন হচ্ছে ওয়াশিংটন। এটি দ্বৈত নীতি ছাড়া আর কিছু নয়।”

এদিকে সিরিয়ার জাতীয় ঐক্য বিষয়ক মন্ত্রী আলী হায়দার বলেছেন, দামেস্কের অনুমতি ছাড়া সিরিয়ার ভেতরে সম্ভাব্য মার্কিন হামলা তার দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, সিরিয়ার অভ্যন্তরে হামলা বা অন্য যেকোনো পদক্ষেপ নেয়ার আগে দামেস্কের অনুমতি নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই