নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ফ্রান্সের প্যারিস রুটে চলাচলকারী একটি ফরাসী দ্রুতগামী ট্রেনে গোলাগুলিতে তিনজন আহত হয়েছে।

আরাসের কাছে স্থানীয় সময় শুক্রবার বিকাল পৌনে ৬টায় এ ঘটনা ঘটে। খবর বিবিসি ও এএফপির।

মরক্কোর এক নাগরিক (২৬) একটি কালাশনিকভ, একটি ছুরি, একটি অটোমেটিক পিস্তল ও কার্তুজ নিয়ে চলন্ত ট্রেনটিতে যাত্রীদের ওপর হামলা চালায়।

ওই হামলায় আহত তিনজনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। এদের মধ্যে একজন গুলিতে ও অন্যজন ছুরিকাঘাতে আহত হন।

ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনেভি জানিয়েছেন, আহতদের মধ্যে মার্কিন সেনা ও ফরাসী অভিনেতা জ্যাঁ হুগোস এ্যাংলাদ রয়েছেন।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল জানিয়েছেন, হামলার ঘটনা দেশটির ভূখণ্ডেই ঘটেছে। বিষয়টি নিয়ে ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।

এ ঘটনার পরপরই আরাস স্টেশন থেকে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

কেএইচ