দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর ১৮ তম শীর্ষ সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নেপালের রাজধানী কাঠমন্ডুতে।
আজ (শনিবার)সকালে কাঠমন্ডুর সল্টেতে অবস্থিত ক্রাউন প্লাজা হোটেলে প্রোগ্রাম কমিটির বৈঠকের মধ্য দিয়ে এই আনুষ্ঠানিকতা শুরু হয়।
সার্ক সদস্যভূক্ত আট দেশের যুগ্ম-সচিব বা সমপর্যায়ের সরকারী কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রোগ্রাম কমিটির বৈঠক।
পূর্বের প্রথা অনুযায়ী আগেরবারের অর্থাৎ ১৭তম সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ মালদ্বীপের আইশাত লুইশা জাহির প্রোগ্রাম কমিটির বৈঠকের উদ্বোধন করেন। মালদ্বীপ প্রতিনিধি দলের নেতৃত্বও দেন তিনি।
এরপর বৈঠকে নেপালী প্রতিনিধি দলের প্রধান ইয়াগো বাহাদুর হামেলকে প্রোগ্রাম কমিটির সভাপতি নির্বাচন করা হয়। ইয়াগো বাহাদুর নেপালের পররাষ্ট্র মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সার্ক ও বিমসটেক ডেস্কের ডিজি (মহা-পরিচালক) আব্দুল মোতালেব সরকার বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে। সন্ধ্যা ৬টায় এ বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। নেপালের যুগ্ম-সচিব ইয়াগো বাহাদুর হামেল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।
এই বৈঠকে বেশ কিছু বিষয়ে পরিকল্পনা তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে, সার্কের আঞ্চলিক কেন্দ্রগুলোর সমন্বয় ও কর্মসমাপ্তি, সার্কের পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠা, ২০১৫ সালের সার্কের কার্যক্রমের শিডিউল তৈরি এবং এই কমিটির ইতিপূর্বে দেয়া সুপারিশসমূহের বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা।
আগামীকাল (রোববার) ও পরদিন (সোমবার) সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে প্রোগ্রাম কমিটির শনিবারের বৈঠকের সুপারিশসমূহ পেশ করা হবে।
এদিকে, কাঠমন্ডুর হোটেল রেডিসনে স্থাপিত মিডিয়া সেন্টার থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরই মধ্যে সার্কে অংশ নিতে সদস্য দেশের প্রতিনিধিরা কাঠমন্ডুতে আসতে শুরু করেছেন।
আজ (শনিবার) দুপুর নাগাদ সদস্য দেশের সচিবরা কাঠমন্ডুতে পৌছবেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কাঠমন্ডুর সার্ক মিডিয়া সেন্টার থেকে





