রাজনৈতিক দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের বিরোধীদলীয় নেতা-কর্মীরা।
রোববার রাজধানী কিয়েভের ইন্ডিপেন্ডেন্স চত্বরে অন্তত ৭০,০০০ লোক সমবেত হয়েছেন বলে জানা গেছে।
দেশটির সরকার বিরোধীরা বলছেন, সংবিধানে এমন পরিবর্তন আনতে হবে যাতে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের কিছু ক্ষমতা কমে যায়। তবে কোনো কোনো বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগের চেয়ে কম কোনো কিছু মেনে নিতে রাজি নন; যদিও প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ এ পর্যন্ত বিক্ষোভকারীদের বেশ কিছু দাবি মেনে নিয়েছেন।
২০১৩ সালের নভেম্বরে ইউক্রেনের চলমান সংকট শুরু হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি সই করতে অস্বীকৃতি জানালে ওই চুক্তিপন্থীরা সরকার বিরোধী অবস্থান ধর্মঘটন শুরু করেন। গত তিনমাসে এ বিক্ষোভ থেকে সৃষ্ট সহিংসতায় ছয় ব্যক্তি নিহত হয়েছে।
ইউক্রেনের সরকার এসব সহিংসতার জন্য উগ্র বিরোধীদের দায়ী করেছে। অন্যদিকে সরকার বিরোধীরা অভিযোগ করছেন, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সরকার সমর্থকরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছেন।

[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)// টিআই
[/b]