পাকিস্তানে উগ্রবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং আজকের বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২৩ সন্ত্রাসী।
আজ (বুধবার) সন্ধ্যার দিকে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় সামরিক বাহিনীর বিমান হামলায় এসব সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, সুনির্দিষ্ট লক্ষ্যে বিমান হামলা চালানো হয়েছে এবং এতে উগ্রবাদীদের চারটি আস্তানা কার্যকরভাবে ধ্বংস হয়েছে।
তবে সামরিক বাহিনীর দেয়া এ খবর স্বতন্ত্রভাবে যাচাই করা যায় নি কারণ ওই এলাকায় সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ রয়েছে।
গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে উগ্রবাদী পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপি’র বর্বর হামলায় ১৪৮ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সামরিক বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান তীব্র করেছে। এরই অংশ হিসেবে আজকের এ বিমান হামলা হলো। রেডিও তেহরান
ইআর





