পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে বিমান হামলায় কয়েকজন কমান্ডারসহ কমপক্ষে ৩০ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। সেখানে এ বছর ব্যাপক সামরিক অভিযান শুরু করা হয়। সোমবার নিরাপত্তা কর্মকর্তারা একথা জানায়।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, উত্তর ওয়াজিরিস্তানের দত্তা খেল এলাকায় রোববার রাতে চালানো ওই হামলার লক্ষ ছিলেন স্থানীয় যুদ্ধবাজ নেতা হাফিজ গুল বাহাদুর ও তার মিত্র সাদিক নুর।

তারা দু’জনই হাক্কানি নেটওয়ার্কের সাথে যুক্ত এবং তাদের বিরুদ্ধে প্রতিবেশী দেশ আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো সৈন্যের বিরুদ্ধে যোদ্ধা ও আত্মঘাতী হামলাকারী পাঠানোর অভিযোগ রয়েছে।

এদিকে তালেবান সূত্র এএফপিকে জানায়, ‘এ বিমান হামলায় কমপক্ষে ৩০ যোদ্ধা নিহত হয়েছে। উভয় গ্রুপের যৌথ বৈঠকের জন্য সেখানে অনেক যোদ্ধা ও কমান্ডার জড়ো হয়েছিল।’

গোয়েন্দা বাহিনীর এক কর্মকর্তা বিমান হামলায় নিহতের খবর নিশ্চিত করেছে।

তবে এ হামলায় নিহতদের মধ্যে বাহাদুর ও নুর রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দ্বিতীয় এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেন, তারা এ তথ্য যাচাই করার চেষ্টা করছেন।

এমএ