তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির নেতা রিসেপ তাইফ এরদোগান প্রথম পর্যায়ের নির্বাচনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে এরদোগান ৫২ শতাংশ ভোট পেয়েছেন।
এরদোগানের নিকটতম প্রতিদ্বন্দ্বি একমেলেদ্দিন ইহসানোগলু পেয়েছেন ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে কুর্দি রাজনীতিবিদ সেলাহাট্টিন দেমিরতাস পেয়েছেন ১০ শতাংশ ভোট।
এ জয়ের মাধ্যমে জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টির শাসন আরও পাঁচ বছরের জন্য বর্ধিত হতে যাচ্ছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাদি গুভেন রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে বলেন, "প্রদেশগুলো থেকে প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে যে, বৈধ ভোটের অধিকাংশ পেয়েছেন এরদোগান।"
তিনি আরো বলেন, ৯৯% ভোট গণনা সম্পন্ন হয়েছে। আগামীকাল সোমবার আমরা প্রদেশগুলোর ভোটের ফলাফল ঘোষণা করব।
প্রেসিডেন্ট অফিসের হাতে ক্ষমতা
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, বর্তমানে তুরস্কের প্রেসিডেন্ট অফিসের হাতে দেশটির সংসদের চেয়ে বেশি ক্ষমতা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট অফিস রাষ্ট্রে নতুন আইন ঘোষণা করা অথবা সেই আইন পুনরায় বিবেচনা করার জন্য সংসদের কাছে ফেরত পাঠাতে পারে। এছাড়া, গণভোট ও নতুন জাতীয় সংসদ নির্বাচন আহ্বান করতে পারে প্রেসিডেন্ট অফিস। প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ এবং গুরুত্বপূর্ণ আমলা নিয়োগের ক্ষমতাও রয়েছে প্রেসিডেন্টের হাতে। সূত্র: বিবিসি, আল-জাজিরা।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই, টিআই





